ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত (ডিসেম্বর ২০১৭) একলাখ ২৮ হাজার ৮৯৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে একলাখ ২৬ হাজার ৫৬১ জন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় দুই বছরের জন্য কর্মে নিযুক্ত হয়েছেন। চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
পর্যায়ক্রমে সারাদেশে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এপর্যন্ত সাতটি পর্বে ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। এপ্রকল্প বাস্তবায়নের জন্য একহাজার ৭২১ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর-৪ আসনের মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে সংসদের কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনীর সহজীকরণ প্রশ্নে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ দলিল এবং এর তথ্য খুবই স্পর্শকাতর। জন্ম তারিখ বা নাম পরিবর্তন করে কিছু অসাধু ব্যক্তি অনৈতিক সুবিধা গ্রহণ করতে পারে। এজন্য উপযুক্ত প্রমাণ পরীক্ষা-নিরীক্ষা করে সঠিকতা নিশ্চিত হয়ে জন্ম তারিখ বা নাম পরিবর্তনের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।








