জেলা-উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি ও ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।|
বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘উপজেলা/জেলা/মহানগর পর্যায়ের ৪৭০টি যাচাই-বাছাই কমিটির মধ্যে ৩৬৭টির প্রতিবেদন পাওয়া গেছে। মামলাসহ অন্যান্য কারণে বাকি ১০৩টির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। এসব প্রতিবেদন পাওয়ার জন্য কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব প্রতিবেদন পাওয়া গেছে, সেগুলোতে নানা ধরনের অসঙ্গতি ও ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। এগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হলে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।’








