বাংলাদেশে এক লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘তারা ইশারা ভাষায় কথা বলে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিগগিরই একটি ইশারা ভাষা ইনস্টিটিউট নির্মাণ করা হবে।’ বুধবার (৭ ফেব্রুয়ারি) ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদফতরে আয়োজিত আলোচনাসভায় তিনি এ ঘোষণা দেন।
দিবসটির প্রতিপাদ্য ‘ইশারা ভাষা উন্নয়নে, এগিয়ে যাব প্রতিজনে’।
রাশেদ খান মেনন বলেন, ‘আমরা ’৫২-তে ভাষার জন্য প্রাণ দিয়েছি। আমরাই ভাষার জন্য লড়াই করা পৃথিবীতে একমাত্র গর্বিত জাতি। ভাষার অধিকার আমাদেরই রক্ষা করতে হবে।’
ইশারা ভাষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের মনের কথা প্রথম উপলদ্ধি করেছিলেন। তিনি সর্বপ্রথম ২০০৯ সালে বইমেলায় ইশারা ভাষার স্বীকৃতি দেন। সুখের কথা, বর্তমানে ইশারা ভাষা ইউনিসেফ কর্তৃক বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন নামে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন প্রণয়ন করেছে। বর্তমানে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশব্যাপী নানা উদ্যোগ গ্রহণ করছি। চাকরি ক্ষেত্রে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে সুবিধা দেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির সভাপতিত্ব করেন। অনুষ্ঠান বক্তব্য দেন—সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত সচিব ও পরিচালক (কার্যক্রম) আবু মোহাম্মদ ইউসুফ, জাতীয় বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, এসডিএসএলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।








