অমর একুশে বই মেলার ৮ম দিনে ভাটা পড়েছে ক্রেতা সমাগমে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া মেলায় ক্রেতা কিংবা পাঠক কিংবা দর্শনার্থী কারও দেখা নেই। অনেকে রাজনৈতিক অস্থিরতাকে দুষলেও কেউ কেউ মনে করছেন পরিবহন সংকটের কারণে মেলায় ক্রেতা নেই। বৃহস্পতিবার বিকেলে বই মেলায় সরেজমিনে দেখা যায় ফাঁকা ময়দান। হাতে গোণা কয়েকজন দর্শনার্থী এবং স্টলের কর্মচারী ছাড়া তেমন কারও উপস্থিতি দেখা যায়নি।
মেলা ঘুরে দেখা যায়, স্টলে স্টলে বেশিরভাগ কর্মচারীই অলস সময় কাটাচ্ছেন। দর্শনার্থীও নেই তেমন। কেন এই অবস্থা, জানতে চাইলে সরাসরি কিছু না বললেও অনেকেই বলছেন খালেদা জিয়ার রায় কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির।
অন্যপ্রকাশের স্টলে হুমায়ূন ভক্তদের ভিড় সচরাচর থাকলেও আজ তা দেখা যায়নি। এতে বিস্ময় প্রকাশ করেছেন খোদ অন্যপ্রকাশের সেলস এক্সিকিউটিভ আলাউদ্দিন টিপু। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, মেলা শুরু হয় ৩টায়। এখন পর্যন্ত যা দেখেছি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আনাগোনা। কিন্তু এই কয়দিনের মধ্যে আজকের ব্যাপার পুরাই উল্টো। এর কারণ কি হতে পারে জানতে চাইলে টিপু বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা এর জন্য অবশ্যই দায়।। ক্রেতারা একধরনের আতংকের মধ্যে আছে। যার কারণে অনেকেই আজকে বাসার থেকে বের হয়নি।’
অন্যদিকে সময় প্রকাশনের ম্যানেজার আনিসুর রহমান বলেন, ‘ক্রেতা তো নাই আজকে, ভয়ে আমার কয়েকজন কর্মচারীও আসেনি। তারা ফোন করে বলেছে বাসা থেকে বের হতে দিচ্ছে না। এখানে যাদের দেখতে পাচ্ছেন এদের বাসা আশেপাশেই।’
আবার রাস্তা অনেক জায়গায় বন্ধ, পরিবহন সংকট সবকিছু মিলিয়ে আজকের এই অবস্থা বলে জানান মেলায় আসা কয়েকজন।








