কওমি মাদ্রাসার সার্বিক উন্নয়নে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকার আগ্রহী ও আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার এসব মাদ্রাসাকে একটি নিয়মের আওতায় আনতে চায়। সে লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় আলেমদের মতামতের ভিত্তিতে কওমি মাদ্রাসা শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়নের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশের যে সব উপজেলায় কোনও সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ নেই সে সব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত সরকারের রয়েছে। সে আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কার্যক্রম চলছে।’
মনিরুল ইসলাম সুজনের অপর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৬৭৯টি। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/শিক্ষিকার মোট ১০ হাজার ২৭১টি পদের বিপরীতে সাত হাজার ৯৩৭ জন কর্মরত রয়েছেন। পদ শূন্য রয়েছে দুই হাজার ৩৩৪টি।








