মামলায় দীর্ঘসূত্রিতার কারণে সারাদেশের বিভিন্ন কারাগারে ৭ বছরের বেশি সময় ধরে আটক ১৩৯ জন আসামির মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এ সংক্রান্ত এক আবেদন আমলে নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে ৭ বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামির একটি তালিকা আদালতে উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।
পরে দেবুল দে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাত বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ১৩৯ আসামির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেছি। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ১৩৯ আসামির মামলা বিচারিক আদালতে আগামী ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। একইসঙ্গে আসামিদের বিচার শেষ করে এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে দাখিল করতে বলেছেন।’
এছাড়াও মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তির স্বার্থে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদেরকে সাক্ষী হাজিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ডিসি ও এসপিকে সার্বিক সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ওই প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ জেলায় ৮ জনসহ মোট ১৩৯ জন আসামি ৭ বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন।
এর আগে গত বছরের ১৯ নভেম্বর ৭ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা এসব আসামিদের তথ্য চেয়ে আদেশ দেন হাইকোর্ট। এরপর ৩১ ডিসেম্বরের দীর্ঘদিন কারাগারে থাকা ১৩৯ আসামির প্রতিবেদন প্রস্তুত করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।








