অমর একুশের গ্রন্থমেলা শেষ হতে আর মাত্র দু’দিন বাকি। এর মধ্যেই নতুন বই প্রকাশ গত বছরের মেলাকে ছাড়িয়ে গেছে। এবারের মেলার ছাব্বিশ দিনে নতুন বই প্রকাশ পেয়েছে মোট ৪ হাজার ৩৩৬টি। গত বছর নতুন বই এসেছিল মেলায় ৪ হাজার ১২টি।
গত বছর মেলায় নতুন বই প্রকাশে শীর্ষে ছিল কবিতা। এবারের মেলার এখন পর্যন্ত ২৬ দিনে শীর্ষে রয়েছে কবিতার বই এক হাজার ২৯২টি। এরপরই রয়েছে ছোট গল্পের বই ৬১৩টি। তৃর্তীয় অবস্থানে রয়েছে উপন্যাস ৫৭৮টি। প্রবন্ধ ২৪১, বিজ্ঞান ৯১, ছড়ার বই ৯৭টি, ইতিহাস ৯৪, শিশুতোষ ২১৩ এবং অন্যান্য বিষয়ে ৭০১টি নতুন বই এসেছে মেলায়। সোমবার মেলায় নতুন বই এসেছে ১১৭টি।
বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান জানান,এই মেলায় প্রতিবছর কয়েকশত নতুন লেখকের প্রথম বই প্রকাশ পায়। এবারও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। গত ২৬ দিনে সাড়ে চার হাজারের কাছাকাছি নতুন বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রায় আড়াই শত লেখকের প্রথম বই মেলায় এসেছে।
মেলার মূল মঞ্চে সোমবার বিকালে অনুষ্ঠিত হয় ‘বিজয় সরকার’ শীর্ষক আলোচনা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন। সভাপতিত্ব করেন গবেষক ও লেখক আবুল আহসান চৌধুরী। আলোচনায় অংশ নেন অধ্যাপক শফি আহমেদ এবং নারীনেত্রী ও লেখক মালেকা বেগম। পরে সাংস্কৃতি অনুষ্ঠানে লোক সংগীত পরিবেশন করে বিভিন্ন শিল্পীরা। খবর বাসস।








