আগামী রবিবার (৪ মার্চ) থেকে সারাদেশে খোলা বাজারে (ওপেন মার্কেট সেল বা ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু করবে সরকার। ৩০ টাকা কেজি চাল এবং ২০ টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে। আগামী বোরো ধান সংগ্রহ শুরু পর্যন্ত এই বিক্রি চলবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। প্রান্তিক মানুষদের কষ্ট লাঘবে সরকার এই ব্যবস্থা নিয়েছে। আগামী বোরো মৌসুম পর্যন্ত সারাদেশে ওএমএসে চাল বিক্রি করবে সরকার।’
উল্লেখ্য, চালের দাম বেড়ে যাওয়ায় সরকার ওএমএস চালু রাখতে পারেনি। তবে শেষ পর্যন্ত ঘোষণা দিয়ে রবিবার থেকে আবার চাল বিক্রি শুরু হচ্ছে।
আজ ১ মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা করে কেজি দরে চাল দিচ্ছে সরকার। এভাবে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।








