কৃষি খাতে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপনের জন্য তাদের কৃষি খাতের র্সবোচ্চ এই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপকদের হাতে পদক তুলে দেন।
পুরস্কারের মধ্যে রয়েছে পাঁচটি স্বর্ণপদক, নয়টি রৌপ্যপদক ও ১৮টি ব্রোঞ্জপদক। মেডেল ও সনদের পাশাপাশি স্বর্ণপদক পাওয়া প্রত্যেককে নগদ এক লাখ টাকা, রৌপ্যপদক পাওয়া ব্যক্তিদের ৫০ হাজার ও ব্রোঞ্জপদক পাওয়া ব্যক্তিদের ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
কৃষি খাতে অসামান্য অবদান রাখার জন্য স্বর্ণপদক পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পাবনার সংসদ সদস্য মো. মকবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাখহরি সরকার, কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। প্রতিষ্ঠান হিসেবে এ পুরস্কার পেয়েছে মৎস অধিদফতর।
রৌপ্যপদক দেওয়া হয়েছে ৯টি। এর মধ্যে প্রতিষ্ঠান হচ্ছে একটি, গোল্ডেন বার্ন কিংডম প্রাইভেট লিমিটেড। এ পদক ব্যক্তির মধ্যে আছেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ড. খান মো. মনিরুজ্জামান, কুমিল্লার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, ময়মনসিংহের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, খুলনার বেগম সাহেলা ইকবাল, ঢাকার সাখাওয়াত হোসেন, নওগাঁর সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, চট্টগ্রামের মোহাম্মদ নাজিম উদ্দিন হায়দার ও ঝিনাইদহের বেগম লাভলি ইয়াসমিন।
ব্রোঞ্জপদক দেওয়া হয়েছে ১৮টি। এর মধ্যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ, রাজশাহীর বরেন্দ্র গালিজ কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও চিথলিয়া সিআইজি (ফসল) সমবায় সমিতি লিমিটেড। ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বকুল হোসেন, নারায়ণগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদির, মানিকগঞ্জের মো. আমজাদ হোসেন, জামালপুরের কৃষিবিদ শেখ মো. মুজাহিদ নোমানী, টাঙ্গাইলের মো. শহিদুল ইসলাম খান, রংপুরের কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্রের মো. শাহিনুল ইসলাম, কিশোরগঞ্জের মো. নিজাম উদ্দিন, যশোরের বেগম ফারহানা ইয়াসমিন, সাতক্ষীরার শিখা রাণী চক্রবর্তী, মাগুরার মো. বাবুল আক্তার, পিরোজপুরের শেখ হুমায়ুন কবির, ঝালকাঠির মো. মাহফুজুর রহমান, ঠাকুরগাঁওয়ের মো. মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, বান্দরবানের সিংপাত ম্রো এবং কুমিল্লার ছারোয়ার আলম মজুমদার বাবুল।








