দুর্নীতির এক মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে বাধা থাকছে না বলে জানিয়েছেনআইনজীবীরা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল।
রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এরপর একই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে মামলাটির পুনঃতদন্ত চেয়ে আবেদন করলে গত ৯ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। যা রবিবার শুনানি নিয়ে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।








