সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের ওপর হামলার নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘তিন দিন আগে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর বর্বরোচিত হামলা হয়েছে। হামলাকারী ফয়জুল ধরা পড়েছে। আমরা তদন্ত করছি। এর (ফয়জুলের) পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি আরও বলে, ‘জঙ্গিদের শেকড় উপড়ে ফেলতে আমরা কাজ করছি। এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে, সেই দেশে কোনও সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থাকতে পারে না। আমরা যেকোনও মূল্যে এগুলো প্রতিহত করবোই।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ড. জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের ওই রাতেই ঢাকা সিএমএইচে আনা হয় তাকে। হামলাকারী ফয়জুল এখন পুলিশ হেফাজতে আছে।








