রাস্তায় ডিম ভেঙে ৮ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এই সংগঠনের সদস্যরা।
পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের সভাপতি মো. শরীফ উদ্দিন বলেন, ‘একদিকে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি, অন্যদিকে এই শিল্পে যারা লাভবান তারা টাকার পাহাড় গড়ে তুলেছেন। ক্ষুদ্র শিল্পের বাহানায় ব্যাংক থেকে হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ নিয়ে ও সিন্ডিকেট তৈরি করে অল্প সময়েই বিনিয়োগের টাকা দ্বিগুণ থেকে তিনগুণ করে ফেলেছেন তারা।’
সংগঠনটির সভাপতির ভাষ্য, ‘মাঠপর্যায়ে ডিম ও মুরগির ন্যায্যমূল্য না পেয়ে আমরা দেনায় জর্জরিত। কালো টাকা সাদা করার হাতিয়ার হিসেবে পোল্ট্রি শিল্পকে ব্যবহার করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অঢেল অবৈধ সম্পদের মালিক হচ্ছে। অন্যদিকে আমাদের বিনিয়োগ করা টাকার ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি না।’
পোল্ট্রি ডিলারদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বাচ্চা ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ডিম ও ব্রয়লার মুরগির উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ; সিপি, আফতাব, প্যারাগন, আকিজসহ সব প্রতিষ্ঠানের মুরগি ও ডিম উৎপাদন বন্ধ ও পোল্ট্রির খাদ্য ও বাচ্চার দাম কমানো, সরকার কর্তৃক মূল্য নির্ধারণ প্রভৃতি।
পোল্ট্রি শিল্প ও খামারিদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান পোল্ট্রি ডিলাররা। তারা মনে করেন, দেশি-বিদেশি চক্রান্ত প্রতিহত করে সরকারি পৃষ্ঠপোষকতা ও কঠোর নজরদারিতে এই শিল্পকে বাঁচানো সম্ভব।








