আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তথাকথিত মাদার অব ডেমোক্রেসি উপাধি দিয়ে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। তাকে মাদার অব ডেমোক্রেসি উপাধি না দিয়ে মাদার অব থিবস অ্যান্ড টেরর উপাধি দেওয়া উচিত।’
রবিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন ও তার দুই ছেলের দুর্নীতি দেশে-বিদেশে প্রমাণিত। এতিমের টাকা চুরি করার দায়ে তিনি কারাগারে আছেন।
তিনি বলেন, খালেদা জিয়া রাজনীতিতে দূর্বৃত্তায়ন চালু, মানুষ পুড়িয়ে হত্যা ও দুর্নীতির আশ্রয় নিয়ে যে দুর্গন্ধের সৃষ্টি করেছেন তা তাকে কোনও উপাধি দিয়েই দূর করা সম্ভব নয়।
তিনি বলেন, বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এক মাসের জন্য নির্বাচিত হয়ে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছিলেন। আর সরকার পতনের আন্দোলনের নামে নিরীহ মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছেন তাতে তিনি গণতান্ত্রিক নেত্রী হতে পারেন না। খবর বাসস।








