দেশে গত সাত বছরে ৯শ কিলোমিটার (কি.মি.) নদী ড্রেজিং করা হয়েছে। এদিকে, পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী মহানগরীর সোনাকান্দি হতে বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্পের কাজ চলতি বছরের জুনের মধ্যে সম্পন্ন করা হবে।
রবিবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম ফজলুল হক, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও অনুপম শাহজাহান জয় ছাড়াও অংশ নেন পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।
বৈঠকে নদী ড্রেজিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গত সাত বছরে নদী ড্রেজিংয়ের তথ্য তুলে ধরা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, এই সময়ে দেশে ৯শ কি.মি. নদী ড্রেজিং করা হয়েছে। কমিটি সারাবছর ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে। এ ছাড়া, আগামী মাসে খুলনায় পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানানো হয়েছে। কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প কার্যক্রম শেষ করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।
আরও পড়ুন-
ডিএমপি’র ৪ উপ-পুলিশ কমিশনারের বদলি








