সাদা পরিচ্ছন্নতার ও শুদ্ধতার প্রতীক উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা বছরের নির্ধারিত একটি দিন সাদা শার্ট দিবস পালন করতে চাই। নগরবাসীর মতামতের ভিত্তিতে বছরের যেকোনও একদিন দিবসটি ঘোষণা করা হবে। আপাতত জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ই মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির প্রচারণা এবং স্বচ্ছ ও শুভ্র মন তৈরির লক্ষ্যে আমাদের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা সাদা শার্ট বা পোশাক পরবেন।’
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘স্বচ্ছ ঢাকা’ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন মেয়র এসব কথা বলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা চাই রাজধানীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর উপায় হিসেবে আমরা স্বচ্ছ ঢাকা পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছি। এরইমধ্যে নাগরিকদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগের কথা জানিয়েছি। এই শহরের প্রতিটি মানুষ চায় একটা স্বচ্ছ জীবন, স্বচ্ছ শহর, সুস্থ ও সুন্দর জীবন। সেই স্বচ্ছ ও পরিচ্ছন্ন শহরের পূর্ব শর্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা।’
মেয়র আরও বলেন, ‘শুধু নগরী পরিচ্ছন্ন করলেই চলবে না। আমাদের মন ও পরিধেয় বস্ত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুভ্র মন ও স্বচ্ছতা আনতে ১৮ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা সাদা শার্ট পরবে। এরপর নাগরিকবাসীর মতামত নিয়ে দিনক্ষণ ঠিক করে সাদা শার্ট দিবস ঘোষণা করবো’
এসময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








