দেশের ভেতরে পর্যটন বৃদ্ধি পাওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার রবিবার একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘২৫ মার্চ চালু হতে যাওয়া গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী বিমান দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজারে সপ্তাহে ৭টির স্থলে ১০টি ফ্লাইট পরিচালনা করবে।’
তিনি জানান, এছাড়া ঢাকা-যশোর রুটে সপ্তাহে ৭টির স্থলে ৮টি এবং ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টিতে উন্নীত করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির স্থলে ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান সূত্র জানায়, ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন একটি করে বোয়িং ফ্লাইট এর পাশাপাশি প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার একটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী, চট্টগ্রাম-কক্সবাজার রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। শনি, সোম ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছবে ৮ টা ৪০ মিনিটে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা। ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর রুটে প্রতি সপ্তাহে যথাক্রমে ৪টি ও ৭টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। খবর বাসস।








