গুপ্তচর হত্যাচেষ্টা: বাংলাদেশ-রুশ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের অবস্থান তৈরি করছে ঢাকা

শেখ শাহরিয়ার জামান
২৭ মার্চ ২০১৮, ২২:১৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:১২

বাংলাদেশ-রাশিয়া যুক্তরাজ্যে সাবেক এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার বিষয়টি আসন্ন বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচিত হবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। এরআগে এ বছরের ৪ মার্চ সামরিক বাহিনীর ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক গ্যাস (নার্ভ এজেন্ট) প্রয়োগে তাদের হত্যার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। এ প্রসঙ্গে গত ২২ মার্চ রাশিয়া তাদের অবস্থান সম্পর্কিত একটি নোট বাংলাদেশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে, যুক্তরাজ্য  এ ঘটনার  কয়েক দিন পরে বাংলাদেশকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছিল।

জানতে চাইলে এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আগামী ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের মধ্যে মস্কো বৈঠকে ইস্যুটি আলোচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এ আলোচনা উঠলে বাংলাদেশের পক্ষ থেকে কী বলা হবে,  সে বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।’

বাংলাদেশের সম্ভাব্য অবস্থান কী হতে পারে, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘এই ঘটনায় আমরা কোনও পক্ষ না। এ কারণে এমন কোনও অবস্থান আমরা নেব না, যার ফলে এর সঙ্গে জড়িত কোনও পক্ষ অসন্তুষ্ট হতে পারে।’

প্রসঙ্গত, যুক্তরাজ্যে ৪ মার্চ সংঘটিত এই ঘটনার অভিযোগে প্রায় ১৫০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ২৪টি দেশ।

এদিকে, বিষাক্ত রাসায়নিক গ্যাস (নার্ভ এজেন্ট) প্রয়োগে হত্যাচেষ্টার বিষয়টি এখন তদন্ত করছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশেন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)। বর্তমানে এই সংস্থার সব্বোর্চ্চ ব্যক্তি অর্থাৎ নির্বাহী কাউন্সিলের সভাপতি হচ্ছেন নেদারল্যান্ডসে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল।  

এ বিষয়ে জানতে চাইলে শেখ মোহাম্মাদ বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তদন্ত করার জন্য যুক্তরাজ্য আমাদের অনুরোধ করেছে। আমরা তদন্ত শুরু করেছি।’ কবে নাগাদ এই তদন্ত রিপোর্ট পাওয়া যাবে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এটি সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়। এর মধ্যে কোনও রাজনৈতিক বিষয় সম্পৃক্ত থাকবে না।’

তিনি আরও জানান, সংস্থাটির মহাপরিচালকের নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হচ্ছে।  তদন্ত শেষ হওয়ার পরে নির্বাহী কাউন্সিলের কাছে রিপোর্ট হস্তান্তর করা হবে।

তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা, জানতে চাইলে শেখ মোহাম্মদ বেলাল বলেন, ‘এটি কাউন্সিল সিদ্ধান্ত নেবে। যদি কোনও সদস্য রাষ্ট্র প্রস্তাব করে এটি গোপন রাখা হবে।  কাউন্সিল যদি সিদ্ধান্ত নেয়, তবে প্রকাশ করার ক্ষেত্রে বাধা থেকে যাবে।’ সংস্থাটি কী তদন্ত করছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, এর কম্পোজিশন কী—এসব টেকনিক্যাল বিষয় এই তদন্তের মাধ্যমে জানা যাবে।’

যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তার উৎপত্তিস্থল এই তদন্তের মাধ্যমে জানা যাবে কিনা জানতে চাইলে ওপিসিডব্লিউ-এর নির্বাহী কাউন্সিলের সভাপতি বলেন, ‘এ বিষয়ে জানাটাই হবে একটি চ্যালেঞ্জিং বিষয়।’

উল্লেখ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই কাউন্সিলের সদস্য।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম