সরকারি হাসপাতালগুলোয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট নিরসন করতে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সীমিত সম্পদ নিয়েও সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রায় ৮ হাজার চিকিৎসক ও ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবার চিত্রের ইতিবাচক উন্নয়ন ঘটানো হয়েছে। তবে ৪০ হাজার কর্মচারীর শূন্যতার কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, দালাল চক্রের উৎপাতসহ বিভিন্ন অভিযোগ এখনও পিছু ছাড়ছে না। যত দ্রুত সম্ভব কর্মচারীদের শূন্য পদ পূরণ করা হবে।
৪০ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার কথা বিবেচনা করেই এই নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি ঢামেক হাসপাতালের পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।
তিনি বলেন, কিছুদিনের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। যাদের সবাইকে তিন বছর করে গ্রামের হাসপাতালগুলোয় চিকিৎসা দিতে হবে। জনসেবার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ইহতেশামূল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাসস।








