রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বসবাসের উপযোগী না করেই হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতি একথা জানিয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, প্রকল্পভুক্ত কোনও ফ্ল্যাটই এখনও বসবাসের উপযোগী নয়। এমনকি ওই এলাকা বসবাসের উপযোগী নয়। এসব ভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, লিফট সেভাবে নেই। এছাড়া সোয়ারেজ লাইন,রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, বাজার, চিকিৎসা ও শিক্ষা সুবিধাসহ কোনও সুবিধার ব্যবস্থাই করা হয়নি। নিরুপায় হয়ে যে দুই ফ্ল্যাটে উঠেছেন তারা নানা অসুবিধায় পড়েছেন।
সমিতির পক্ষ থেকে বলা হয়, সম্প্রসারিত উত্তরা প্রকল্প (৩য় পর্ব)১৮নং সেক্টরের 'এ' ব্লকে ৮৪টি ১৬ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৩৭০ বর্গফুট কমন স্পেসসহ ১২৫০ বর্গফুট আকৃতির এ ফ্ল্যাটগুলো। প্রতি বর্গফুটের মূল্য সাড়ে ৩ হাজার টাকা হিসেবে প্রতিটি ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয় ৫৬ লাখ ৭০ হাজার টাকা। ২০১৮ সালের ৭ জানুয়ারি লটারির মাধ্যমে ২ হাজার ৬২১ জনকে ৩১ মে’র মধ্যে ৫ লাখ টাকা জমা দিয়ে ফ্ল্যাটের চাবি বুঝে নেওয়ার জন্য পত্র জারি করা হয়েছে।
এসময় সমিতির পক্ষ থেকে বসবাস উপযোগী ফ্ল্যাট বিষয়ক দাবিগুলোর পাশাপাশি উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে মিরপুর ১১ নম্বরের মধ্যকার রাস্তা দ্রুত নির্মাণের দাবি জানানো হয়। দাবিগুলো আদায় না হলে আগামী ২০ এপ্রিল প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১০ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত মালিকরা।








