কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (৩০ মার্চ) বিকাল সোয়া ৪টা থেকে তিন ঘণ্টার জন্য সতর্কতা জারি করে বিমানবন্দরের আবহাওয়া অফিস। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এছাড়া, দেশের অন্যান্য বিমানবন্দর থেকেও ঢাকাগামী ফ্লাইটগুলো বন্ধ রয়েছে। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সোয়া ৪টা থেকে তিন ঘণ্টার জন্য বিমানবন্দরের আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে। এ সময় দেশের বাইরে থেকে আসা এবং অভ্যন্তরীণ কোনও ফ্লাইট শাহজালালে অবতরণ করেতে পারেনি। ফলে বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা।
জানা গেছে, কক্সবাজার থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে এলেও আবহাওয়া খারাপ থাকায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন বলেছেন, ‘এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়া ঠিক হলে চট্টগ্রাম থেকে ফের ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তারা।’
এ প্রসঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বলেন, ‘আবহাওয়াজনিত কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে বিমান চলাচলও স্বাভাবিক হবে। এ কারণে যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে।’
রাজশাহীর শাহ মুখদুম (রা.) বিমানবন্দরের ব্যবস্থাপক সিতাফুর রহমানের সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, ‘ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইট রাজশাহীতে ৩টা ২০ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি পৌঁছাতে দেরি হয়। ফ্লাইটটি যশোর, বরিশাল ও ভারতের মালদা ঘুরে বিকাল পৌনে ৬টার দিকে রাজশাহীতে ল্যান্ড করে।’
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ কারণেই ঝড়-বৃষ্টি হতে পারে।








