অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার উপায়, সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় অত্যাধুনিক সরঞ্জামাদি নিয়ে শুরু হতে যাচ্ছে পঞ্চম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৫ এপ্রিল শুরু হবে তিন দিনের এই এক্সপো। শনিবার (৩১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এর আয়োজন করে অগ্নিনিরাপত্তা ও সিকিউরিটি খাতের ব্যবসায়ীদের সংগঠন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)।
আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এবং বিজিএমইএ, বিকেএমইএ ও এনএফপিএ’র সহযোগিতায় আয়োজিত আন্তর্জাতিক এক্সপোতে স্টল থাকবে ৬০টি। এছাড়া ৩০টি দেশীয় অগ্নিনিরাপত্তা ও সিকিউরিটির খ্যাতিমান ব্যবসায়িক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় এই আয়োজন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এক্সপো চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, ‘নগরায়ন ও শিল্পায়ন সঠিকভাবে না হলে অগ্নিকাণ্ডের ঘটনা সবসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। বর্তমানে শুধু কল-কারখানায় নয়, আমাদের স্টলগুলোতেও অনেক বেশি পরিমাণ দাহ্য পদার্থ থাকে। তাছাড়া ফায়ার সেফটির সরঞ্জামাদিও থাকে না।’
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ৬ বছরে সারাদেশে ৮৮ হাজারের কাছাকাছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৯ হাজার কোটি টাকারও বেশি। এসব ঘটনায় নির্মম মৃত্যুর শিকার হয়েছেন ১ হাজার ৪০০ জন, আহতের সংখ্যা ৫ হাজার মানুষ। বড় আগুনের দুর্ঘটনা এখন কমে গেছে। এক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান মনে করেন, মালিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বলেন, ‘পুরান ঢাকার অবস্থা এখনও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে আমরা মেয়রের সার্বিক সহযোগিতায় পুরান ঢাকা থেকে সব ধরনের কেমিক্যাল ফ্যা ক্টরি সরিয়ে কেরানীগঞ্জে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। যদিও এখনও সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়নি। শিগগিরই তা হয়ে যাবে। এছাড়া গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জরুরি ভিত্তিতে পদক্ষেপসহ জরিমানাও কার্যকর আছে।’
ইএসএসএবি’র সভাপতি মো. মোতাহার হোসেন খানের সভাপতিত্বে শনিবারের অনুষ্ঠানে আরও ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, এম মাহমুদুর রশিদ, মো. জাকির উদ্দীন আহমেদ প্রমুখ।








