যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট ব্যবহার করে রুশ গুপ্তচর হত্যাচেষ্টার বিষয়ে পশ্চিমা বিশ্ব ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিলেও অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) এর সভাপতি হিসেবে দূরত্ব বজায় রাখছে বাংলাদেশ।
রাশিয়ার আহ্বানে গতকাল বুধবার অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) এর বিশেষ অধিবেশন আহবান করা হয়। কিন্তু ভোটাভুটির সময়ে বাংলাদেশ কোনো পক্ষকে ভোট দেয়নি। নেদারল্যান্ডে ওপিসিডব্লিউ সদর দফতরে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় অধিবেশনে সভাপতিত্ব করেন নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল।
কূটনৈতিক সূত্র জানায়, রাশিয়া বৈঠকে একটি রেজ্যুলেশন প্রস্তাব করে। এতে সমর্থন জানায় চীন ও ইরান। পরবর্তীতে এটি উন্মুক্ত ভোটে দেওয়া হলে ৪১ সদস্যের মধ্যে ছয়টি রাষ্ট্র এর পক্ষে এবং ১৫ টি সদস্য রাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ১৭টি সদস্য রাস্ট্র কোনও পক্ষ অবলম্বন করেনি।
রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে গভীরভাবে একাধিকবার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা করেছে রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন।
গত ২৯ মার্চ মার্চ নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল এবং ওপিসিডব্লিউ প্রধানকে রাশিয়ার পক্ষ থেকে একটি চিঠি দিয়ে ৪ এপ্রিল রুশ গোয়েন্দা হত্যাচেষ্টা ঘটনার ওপরে একটি বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করা হয়। চিঠি পেয়ে পরদিনই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিয়েছিল সংস্থাটির সভাপতি বাংলাদেশ।








