সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের এক এএসআইকে মারধর করেছেন। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই এএসআইয়ের নাম তাইফুল ইসলাম, তিনি ধানমন্ডি থানায় কর্মরত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসে যাওয়ার জন্য রাজু ভাস্কর্যের সামনে এলে তাকে আটকান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা তাকে মারধর করেন। একইসঙ্গে তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৭-৬৫-৯২) কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা শুরু হয়। সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্য, হলে হামলা ও পুলিশি হামলার প্রতিবাদে একটা গ্রুপ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। তারা সরকারের কাছ থেকে কোটা সংস্কারের লিখিত দাবি করেছে তিন দিনের মধ্যে। সকাল থেকে একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে মানববন্ধন করে। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।








