সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে অবরোধ তুলে নিতে শুরু করেছেন। এরই মধ্যে পান্থপথ ও রোকেয়া সরণি থেকে শিক্ষার্থীরা সরে গেছেন। বিকাল সোয়া ৩টা থেকে পান্থপথে থাকা ইউনিভারসিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থীরা সরে যেতে শুরু করেন। ফলে এ সড়কে যান চলাচল শুরু হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
বুধবার সকাল সোয়া ৯টা থেকে পান্থপথ মোড়ে আন্দোলন শুরু করেন ইউএপি'র শিক্ষার্থীরা। এ কারণে পান্থপথ, বসুন্ধরা সিটি, কাঁঠালবাগান, গ্রিনরোডসহ আশপাশের পুরো এলাকায় কোনও যানবাহন চলছে না।
এছাড়া বেগম রোকেয়া সরণি থেকে সরে গিয়েছে গ্রিন ইউনিভারসিটির শিক্ষার্থীরা। এ রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে পুরো নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে নর্থসাউথ ইউনিভারসিটির শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনে অংশ নিচ্ছেন। এতে বসুন্ধরা আবাসিক গেট থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত প্রায় দুই হাজার গাড়ি আটকা পড়েছে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ থেকে ৩২ নম্বর সড়ক পর্যন্ত যানবাহনগুলো দুটি পথে ডাইভারশন হচ্ছে।
নিউমার্কেট ও নীলক্ষেতে সড়ক বন্ধ করে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার সকালে কাওরানবাজারে অবস্থান নেয়। এ কারণে সেখানকার একপাশের পাতাল সড়কে ঢোকার মুখ থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচল করতে পারেনি।
ধানমন্ডির ২৭ নম্বর সড়কে আন্দোলনকারীরা স্লোগান দেওয়া বন্ধ করেছে। তাদের অনেকেই রাস্তা থেকে সরে গেছে । তবে রাস্তা এখনও খুলে দেয়নি। তারা জানিয়েছে, সংসদ অধিবেশনের পরে সিদ্ধান্ত হবে।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ করে রেখেছেন ঢাকা-আরিচা মহাসড়ক।








