ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদিকে চলছে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ উৎসব, অন্যদিকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কর্মসূচি। সকালে মঙ্গল শোভাযাত্রার র্যালির পরে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল করেছে একদল শিক্ষার্থী। ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলায় বিচার চেয়েছেন তারা। মিছিল শেষে পুলিশের হামলায় আহত হওয়া শিক্ষার্থীদের ছবিগুলো কালো কাপড়ের সঙ্গে টাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) ঝুলিয়ে চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে শিক্ষার্থীরা।
তারা বলেন, ‘সেদিন পুলিশের হামলায় যেসব শিক্ষার্থী আহত হয়েছেন, তা বৈশাখের উৎসবে ক্যাম্পাসে আসা দর্শনার্থীদের দেখাতে চাই।’
বিভিন্ন প্রতিবাদী লেখা ঝুলিয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা। সেখানে নিয়ে যাওয়া পোস্টারে লেখা ছিল—‘দিনকে তারা রাত করে, রাতকে করে দিন, বসে বসে মজা দেখে প্রক্টর, ভিসি, ডিন!’, ‘চাপাতি দিয়ে প্রতিবাদ কাটা যায় না’, ‘ভিসির ফার্নিচার শিক্ষার্থী’, ‘বন্যেরা বনে সুন্দর পুলিশ থানায়’, ‘অবরুদ্ধ হল’, ‘ক্যাম্পাসে পুলিশ হামলার বিচার চাই’ প্রভৃতি।
এ ব্যাপারে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফী আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে র্যালি করেছি। সেদিন (৮ এপ্রিল) ক্যাম্পাসে ঢুকে পুলিশ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। আমরা মনে করি ক্যাম্পাসে পুলিশ ঢুকে এখন যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে। এজন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের মেঘমল্লার বসু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে আমরা ক্যাম্পাসে নিরাপদ নই। নিরাপদ হলে সেদিন পুলিশ কীভাবে ক্যাম্পাসের ভেতরে ঢুকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করেছে!’
একই বিভাগের নাবিলা জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা এখানে এসেছি।’








