প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের (১৪২৫) প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার দেশের সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের শুভেচ্ছার নিদর্শনস্বরূপ গত বছরের মতো এ বছরও রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর, উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস তাদের কাছে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদদের পরিবারের সদস্যদের স্মরণ করায়, তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ধন্যবাদ জানান।
এছাড়া, মোহাম্মদপুরে ১৩ তলাবিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আবাসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জানান, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল তারা যথাযথ সম্মান পান।
সূত্র:বাসস








