নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলেছে এবং উড়াল সেতু নির্মাণের পাশাপাশি অত্যাধুনিক বিলাস বহুল গাড়িও আমদানি করা হচ্ছে।
ঢাকার রাজারবাগে মঙ্গলবার গ্রিন লাইন পরিবহনের ডাবল-ডেকার বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সারাবিশ্বে সড়ক পরিবহনে আধুনিক মানসম্মত গাড়ি চলাচল করছে। বাংলাদেশেও যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক মানসম্মত গাড়ির প্রয়োজন তাই মানুষের সুবিধার জন্য বিলাস বহুল গাড়ি আমদানি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।
চট্টগ্রামের পর এবার সিলেট ও কক্সবাজার রুটের যাত্রী সাধারণের চাহিদা পূরণের লক্ষ্যেই দ্বিতল ও স্লিপার সার্ভিস চালু করলো গ্রিন লাইন। নতুন এ বাসে নিচ তলায় থাকছে ১১ সিট এবং দোতলায় থাকছে ৩২টি সিট।
ডাবল ডেকার বাসে ঢাকা-সিলেট রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা এবং ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।খবর বাসস।








