সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সাড়ে ২২ হাজার ভবন নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার (৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) আয়োজনে ২০১৭-২০১৮ সালের এডিপি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১০ হাজার ৫০০ নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ভবনের নির্মাণ কাজ এখনও চলছে। নতুন করে আরও ২২ হাজার ৫০০ ভবন নির্মাণ করা হবে। এসব ভবন ৪ থেকে ১০ তলা পর্যন্ত হবে।’
তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনি এলাকায় ২০টি হাইস্কুল, ৬টি মাদ্রাসা এবং সবগুলো কলেজে ভবন নির্মাণ করা হবে। ২০টি স্কুলের মধ্যে ১০টিতে নতুন ভবন এবং ১০টিতে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। ২০০ কলেজে মহিলা আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে। এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) নির্মাণ করা হবে। এর মধ্যে ১০০টির নির্মাণ কাজ চলছে।’ এ বছরের মধ্যে এই ১০০টি টিএসসি’র নির্মাণ কাজ সম্পন্ন করতে তিনি ইইডি’র প্রকৌশলীদের নির্দেশ দেন।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের গুণগত পরিবর্তন হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে ভালো পরিবেশ তৈরি হয়েছে। এ পরিবেশ ও সুনাম ধরে রাখতে হবে। সবার আগে কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে হবে।’ এবারের এডিপি বাস্তবায়নে অবশিষ্ট সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য তিনি প্রকৌশলীদের প্রতি আহবান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘কাজগুলো যাতে ভালো ও টেকসই হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মানের সঙ্গে কোনও আপস করা যাবে না। উন্নত ও সুন্দর ডিজাইনের ভবন নির্মাণ করতে হবে, যাতে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরকার শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীদের পদোন্নতিসহ এ অধিদফতরের উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এ অধিদফতরে বর্তমানে ১ হাজার ৩২৭টি পদ রয়েছে। আরও ৩ হাজার ৬৭০টি নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে।’ দক্ষতাসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য তিনি সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ঘুষ-দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে। অপব্যবহার, অপচয়, ঘুষ-দুর্নীতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় করে দিতে হবে। ইইডি এর উজ্জ্বল উদাহরণ হবে।’
ইইডি’র প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান, ইইডি’র অতিরিক্ত প্রধান প্রকোশলী মো. মজিবুর রহমান সরকার এবং ইইডি’র পরিচালক প্রশাসন খালেদা আক্তার।








