বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)- এর যৌথ উদ্যোগে সিলেটের তামাবিল ও ভারতের ডাউকি সীমান্তে দুইদিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্পেইন শুরু হয়েছে। উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ এবং সীমান্তের উভয় পাশে বসবাসকারী সাধারণ মানুষের কল্যাণে এই মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। শুক্রবার মেডিক্যাল ক্যাম্পেইনের প্রথমদিনে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছেন।
ক্যাম্পেইনের প্রথমদিন ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্তবর্তী উমসিম গ্রামের 'ক্লাব হল' এ বিজিবি ও বিএসএফ-এর চিকিৎসক দল সমন্বিতভাবে ওই এলাকায় বসবাসকারী অসুস্থ ও দুঃস্থ সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। বাংলাদেশের পক্ষে বিজিবি'র চিকিৎসকদের পাশাপাশি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্যাম্পেইন চলাকালীন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার লে. কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএসএফ এর ডিআইজি (মেডিক্যাল) ড. এ সি ভার্দওয়াজান, বিএসএফ শিলং সেক্টরের ডিআইজি ধারাম পাল তোকাস, ৩০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এস আর খান ও উপ-অধিনায়ক ভি এন প্রাশার সহ বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজ শনিবার ক্যাম্পেইনের শেষদিনে একইভাবে বিজিবি ও বিএসএফ-এর চিকিৎসকদল সমন্বিতভাবে বাংলাদেশের সিলেটের তামাবিল সীমান্তবাসীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।
প্রসঙ্গত, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শহরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এ বিষয়টি গত ২৩ থেকে ২৭ এপ্রিল তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে উভয় মহাপরিচালক গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।
উভয়পক্ষ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে এবং সীমান্তবাসীদের কল্যাণে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে সম্মত হন। এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তে বিজিবি ও বিএসএফ সমন্বিতভাবে নিজস্ব চিকিৎসকদলের মাধ্যমে বিনামূল্যে ওষুধসহ সীমান্তবাসীদের চিকিৎসা সেবা প্রদান করে। সূত্র: বাসস।








