স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অতীতের যেকোনও সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।’
শনিবার (১২ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, তাতে তিনি এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন। দেশের উন্নয়ন-অগ্রগতি টেকসই করতে মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।’
তিনি বলেন, দেশে শতভাগ মানুষকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
আইডিইবি’র কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আপনাদের উদ্ভাবনামূলক কর্মকাণ্ড দেশ ও জনগণের উপকারে নিবেদিত হচ্ছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকার যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছে, তা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যাপক ভূমিকা রয়েছে।’
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি দাওয়ার সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পেশাগত সমস্যাগুলো অবশ্যই সমাধান করা হবে।’ খবর বাসস।








