প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ মাস পর আগামীকাল সোমবার (১৪ মে) সচিবালয়ে যাচ্ছেন। মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় যোগ দেবেন তিনি। ৯ মাস পর রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয়ে প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকও হবে এটি। আর এ বৈঠকও হবে সচিবালয়ের নতুন ভবনে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সবশেষ বৈঠক হয় গত বছরের ১৭ জুলাই। এরপর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফিরে সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক করেন শেখ হাসিনা। এরপর থেকে গত ৭ মে পর্যন্ত তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক হয়।
মন্ত্রিরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় ১২০১ নম্বর কক্ষে প্রথম বসছে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা। এই তলাটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই সচিবালয়ের ১ নম্বর ভবনের ৩ তলায় মন্ত্রিপরিষদ সভাকক্ষে সবশেষ বৈঠক হয়েছিল।
উল্লেখ্য, সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় ছিল অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা। সম্প্রতি সচিবালয়ের অভ্যন্তরে ৬ ও ৭ নম্বর ভবনের মাঝে ‘অর্থ ভবন’ নামে নতুন একটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির কাজ পুরোপুরি শেষ না হলেও ৬ নম্বর ভবনের ১৩ তলা থেকে অর্থ মন্ত্রণালয়ের শাখাগুলো সেখানে স্থনান্তর করা হয়েছে। এরপর তলাটি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।








