বাজেট অধিবেশনের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু নির্দেশনা জারি করেছে। আগামীকাল মঙ্গলবার (৫ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট অধিবেশন নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। সেজন্য ডিএমপি অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় সোমবার (৪ জুন) রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ নিষিদ্ধ এলাকার মধ্যে পড়বে। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।








