প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সোমবার আয়োজিত এই ইফতার মাহফিলের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি এ সময় আগত অতিথিদের মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। একইসঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রগ্রতির ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে যেন আমরা উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি এবং ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’
অন্যান্য ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী কোনও বক্তব্য না রাখলেও এদিন রাজনৈতিক নেতাদের সম্মানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইফতারের আগে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উন্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে ’৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এবং সেদিনের সকল শহীদ, জাতীয় চারনেতা, ’৭১ এর মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টি (মঞ্জু)-র চেয়ারম্যান পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং বিএনএফ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, ১৪ দলীয় জোট, শেখ রাসেল শিশু কিশোর সংসদের নেতা ও সদস্যরা ইফতার মাহফিলে অংশ নেন। সূত্র: বাসস








