সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বুধবার (৬ জুন) পুষ্পস্তবক অর্পণ করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি।
মঙ্গলবার (৫ জুন) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ৬ জুন সকাল আনুমানিক ৯টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ হতে সুপ্রিম কোর্টের পতাকাবাহী নিজ নিজ সরকারি গাড়িযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন ও পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। ফিরতি পথে আনুমানিক ১১টা ৩০ মিনিটে তারা ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সুপ্রিম কোর্টে ফিরে আসবেন।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ মে এই ১৮ জন বিচারপতির নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। পরদিন (৩১ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের নতুন এই ১৮ অতিরিক্ত বিচারপতির শপথবাক্য পাঠ করান।








