বড় বাজেট বড় নয়

শফিকুল ইসলাম
০৫ জুন ২০১৮, ২২:৫১আপডেট : ০৫ জুন ২০১৮, ২২:৫৫

বাজেট ২০১৮-১৯ দেশে বছর বছর বাজেটের আকার বেড়েই চলেছে। তবে,  বাজেটের আকার বড় দেখলেই বাজেট বড় হয় না বলে মনে করেন বাজেট সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, অর্থবছরের শুরুতে বাজেটের যে আকার থাকে, অর্থবছর শেষে সেই আকার আর থাকে না। এর আকার কমে যায়। বাজেট সংশোধন করা হয়। এছাড়া উপস্থাপিত বাজেটের বাস্তবায়নও শতভাগ অর্জন হয় না কোনও বছরই। গত কয়েবছর ধরেই এই ধারাবাহিকতা চলছে। এ কারণেই বলা হয়—বড় বাজেট আসলেই বড় নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রাপ্ত তথ্যেও ব্যাপক গরমিল রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবের সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস); আবার বিবিএসের সঙ্গে মহাহিসাব নিরীক্ষকের দফতর থেকে পাওয়া তথ্য মেলে না। প্রতিটি প্রতিষ্ঠানের হিসাবে ভিন্নতা রয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকার। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটের আকার নামিয়ে আনা হয়েছে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকায়। এ বাজেটও শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে না। এ বছরের বাজেট ৯৩ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেটে ঘাটতি থাকেই। আগের বছরগুলোয় ঘাটতি বাজেটের পরিমাণ মোট জিডিপির ৬ থেকে ৭ শতাংশ হলেও বর্তমানে তা অনেকাংশে কমে এসেছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হয়েছে মোট দেশজ উৎপাদনের (ডিজিপি) ৫ দশমিক ৪ শতাংশ। সেই হিসেবে চলতি বছরের মোট ৪ লাখ ২৬৬ কোটি টাকার মধ্যে ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছর বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৯৭ হাজার কোটি টাকা। এর ফলে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা প্রতিবছরই বাড়ে।

অর্থ মন্ত্রণলয়ের একটি সূত্র জানায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সামগ্রিক ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। যা ২২ লাখ ২৩ হাজার ৬০০ কোটি টাকার মোট জিডিপির ৫ শতাংশের মধ্যেই রয়েছে। যদিও সংশোধিত বাজেটে এর আকার কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪১ কোটি টাকা।

এর আগে ২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পাঁচ শতাংশ করে ঘাটতি ছিল। আর ২০১৩-১৪ ও ২০১২-১৩ বছরে এ ঘাটতির পরিমাণ ছিল যথাক্রমে ৪ দশমিক ৬ শতাংশ ও ৪ দশমিক ৮ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে এসব অঙ্কের ক্ষেত্রে সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যেই থাকবে। অর্থমন্ত্রীর ভাষ্য মতে, আগামী অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকারও কমবেশি। আগামী অর্থবছরে বাজেট ঘাটতি হতে পারে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। তাহলে মোট বাজেট থেকে ঘাটতি বাদ দিলে বাজেট থাকে মাত্র ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা। প্রতিবছরই এটি হয়। 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশাবাদ ব্যাক্ত করে জানিয়েছেন,  ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ৯৩ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে। এদিকে বিবিএস’র তথ্য মতে, এ পর্যন্ত (৩১ মে) বাজেট ৫৯ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। আর মহাহিসাব নিরীক্ষকের দফতরের অসমর্থিত একটি সূত্রের দেওয়া তথ্য মতে, বাজেট বাস্তবায়নের তথ্য এসেছে মাত্র চার মাসের। তাও পুরোপুরি নয়। সেই তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে বাজেট বাস্তবায়নের হার মাত্র ২৩ শতাংশ। অর্থমন্ত্রীর দেওয়া ভাষ্য মতে, এখন রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ। তা সন্তোষজনক বলে মনে করেন তিনি। চলতি ২০১৭-১৮ অর্থবছরের গত ৮ মাসে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন হয়েছে ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন হয়েছে ৭৮ শতাংশ। ওই বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়সন হয়েছে ৯১ শতাংশ বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

এদিকে মহাহিসাব নিরীক্ষকের দফতর থেকে জানানো হয়েছে, এখনপর্যন্ত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে আসেনি। একত্রিত করে তথ্য উপস্থাপন করতে আরও কিছুটা সময় লাগবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজেট বাস্তবায়ন শতভাগ কোনও বছরই হয় না। আমাদের সে দক্ষতা এখনও অর্জিত হয়নি। তাই বাজেটের আকার বড় দেখলেই উচ্ছসিত হওয়ার কিছু নেই। কারণ পুরো বাজেট কখনোই বাস্তবায়ন হয় না। এছাড়া বাজেটে ঘাটতিও থাকে। ঘাটতি বাদ দিলে মূল বাজেটের আকার এমনিতেই কমে যায়।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় বাংলাদেশের বাজেট বাস্তবায়নের সক্ষমতা বেড়েছে। এমন একসময় আসবে বাংলাদেশে শতভাগই বাজেট বাস্তবায়ন সম্ভব হবে।’ আমাদের দেশের কর্মকর্তাদের দক্ষতা বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম