জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপনির্বাচন, ৬৬টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ঘোষিত এসব নির্বাচনে আগামী ২৫ জুলাই ভোট হবে।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৪ জুন, মনোনয়নপত্র বাছাই ২৬ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই।
এর আগে গত ২৯ মে অনুষ্ঠিত কমিশন সভায় এসব নির্বাচন অনুমোদন দেওয়া হয়।
জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম মারা যাওয়ায় কুড়িগ্রাম-৩ সংসদীয় আসন গত ১০ মে শূন্য হয়। ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ২৫ জুলাই তিনটি পৌরসভায় সাধারণ ও দু’টিতে শূন্য কাউন্সিলর পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ ও চারটিতে উপনির্বাচন এবং ৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৫১টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিলের পৌরসভাগুলোর মধ্য রয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ও আড়াইহাজার এবং কক্সবাজার। এছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ড ও ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট হবে। পাঁচটি উপজেলার মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় সাধারণ ও হাবিগঞ্জের আজমিরীগঞ্জে চেয়ারম্যান, চাঁদপুরের শাহরাস্তিতে চেয়ারম্যান, রাংগামাটির নানিয়ারচরে চেয়ারম্যান ও রাজশাহীর দূর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পাঁচটির মধ্যে রয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা। বাকি ৫১টি ইউনিয়ন পরিষদের পাঁচটিতে চেয়ারম্যান ও অবশিষ্টগুলোতে ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।








