সরকার দেশের সব নাগরিকের ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (১২ জুন) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তরে মন্ত্রী স্বাস্থ্য উপাত্তভিত্তিক লাইফ টাইম শেয়ার পোর্টেবল সিটিজেনস ইলেকট্রনিক হেলথ কার্ড তৈরির চলমান থাকার বিষয়টি উল্লেখ করে এ কার্যক্রম গতিশীল করার কথা বলেন।
উল্লেখ্য, সরকার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে নাগরিকদের হেলথ কার্ড রেকর্ড ডাটাবেজ তৈরির একটি পরিকল্পনা গ্রহণ করেছে। একজন ব্যক্তির সারা জীবনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এখানে সংরক্ষিত থাকবে। এতে কেন্দ্রীয়ভাবে দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যের অবস্থা জানা সম্ভব হবে। এটি অনুসরণ করে চিকিৎসকরা পরামর্শ দিতে পারবেন। এতে একজন নাগরিকের চিকিৎসা ব্যয় কমে আসবে।
সরকার দলের মামুন রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে চিকিৎসা বাবদ সরকারিভাবে প্রতিটি রোগীর জন্য বছরে ব্যয় ৭৬ হাজার ৩৭৪ টাকা। খাবার বাবদ রোগীর প্রতিদিনের ব্যয় ১২৫ টাকা।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তথ্য অনুযায়ী, দেশের এমবিবিএস রেজিস্ট্রার্ড চিকিৎসকের সংখ্যা ৮৭ হাজার ৩২১ জন ও বিডিএস রেজিস্ট্রার্ড চিকিৎসক আট হাজার ৫১৫ জন। এরমধ্যে বিভিন্ন বিষয়ে বিষেশজ্ঞ ডাক্তার ২৮ হাজার ৭৪১ জন।








