রাস্তাঘাটে হিজড়াদের উৎপাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জাতীয় সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার (৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তোফায়েল আহমেদ বলেন, ‘হিজড়ারা যাতে রাস্তাঘাটে জোর করে অর্থ আদায় বা কারও বাসাবাড়িতে গিয়ে উৎপাত করতে না পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।’
এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী রোজী রাজধানীর রাস্তাঘাট ও বাসাবাড়িতে হিজড়াদের উৎপাতের কথা উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘হিজড়াদের পুনর্বাসনের জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। তবে, অনেকে পুনর্বাসন সেন্টারে এসে কিছুদিন পর আবার চলে যায়। এজন্য কাউন্সিলিং করা দরকার।’
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের অনুপস্থিতিতে তার পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
সরকারি দলের আনোয়ারুল আবেদিন খানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ৫০০ টাকা হারে ৭৫৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ অর্থবছরে এই কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
সংরক্ষিত আসনের ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী জানান, দেশে মোট গ্যাস মজুদের পরিমাণ ৩৯ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুদের পরিমাণ ২৭ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট। ১৯৬০ সাল থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত গ্যাস উত্তোলনের পরিমাণ প্রায় ১৫ দশমিক ২২ ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে (জানুয়ারি ২০১৮) উত্তোলনযোগ্য নিট মজুদের পরিমাণ ১২ দশমিক ৫৪ ট্রিলিয়ন ঘনফুট।
সরকারি দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে বৃহৎ ও মাঝারি শিল্পখাতে ১৮ দশমিক ৩১ শতাংশ ও ক্ষুদ্র শিল্পে ১৪ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ সময়ে বিসিকের মাধ্যমে ৪২টি নতুন শিল্প প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়েছে।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।








