রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া এসব সিটির কাউকে গ্রেফতার না করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
রবিবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল— এ তিন সিটিতে ভোট নেওয়া হবে।
কমিশনার শাহাদাত হোসেন বলেন, ‘রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমন নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান এই কমিশনার।
শাহাদাত হোসেন বলেন, ‘প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোট নেওয়া হবে। দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।








