নিবন্ধন ছাড়া সার উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিতরণ, পরিবহন ও বিক্রি করলে তা ‘অপরাধ হিসেবে গণ্য করে’ এর জন্য বিদ্যমান আইনের সাজা বাড়িয়ে সংসদে আইনের সংশোধনের প্রস্তাব উঠেছে। মঙ্গলবার জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ সংক্রান্ত ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল-২০১৮’ উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২০০৬ সালে এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বিলটি সংসদে তোলা হয়েছে।
বিলে নিবন্ধন ছাড়া সার উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন বা বিক্রি করলে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনে এই অপরাধের জন্য ছয় মাসের সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এই অপরাধে কোনও রায়ে কেউ সংক্ষুব্ধ হলে ৩০ দিনের মধ্যে আদেশ পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবেন। কর্তৃপক্ষ তা ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করবে। অপরদিকে মিথ্যা মামলা করলে বা কেউ মিথ্যা মামলায় বাধ্য করালে উভয়ে একই সাজা পাবেন।
প্রস্তাবিত আইনে জাতীয় সার প্রমিতকরণ কমিটির সদস্য সংখ্যা দুজন বাড়িয়ে ১৭ জন করা হয়েছে।








