৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার জারির আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।১৯ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ২০ জুলাই থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।শনিবার (১৪ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ জাহিদ আজিম। তিনি বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা ছাত্রের প্রাণের দাবি । দীর্ঘদিন ধরে আমরা এ দাবি নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু এখনও পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি । আগামী ২৯ জুলাই এর মধ্যে এ দাবির ব্যাপারে সরকার কোনও পদক্ষেপ না নিলে ২০ জুলাই শুক্রবার বিকাল ৩টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া হবে। ৪০তম বিসিএস এর সার্কুলারের আগেই ছাত্র সমাজ বয়সসীমা ৩৫ করার দাবির প্রজ্ঞাপন চায়। অন্যথায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
জাহিদ আজম আরও জানান, গত ২৭ জুন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা কমপক্ষে ৬৫ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। তবে এব্যাপারে আমরা কোনও তৎপরতা দেখছি না।
সংবাদ সম্মেলনে তারা চাকরিতে প্রবেশের সীমা ৩৫ করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তাদের যুক্তি– মানুষের গড় আয়ু বেড়েছে তাই চাকরিতে প্রবেশের বয়সসীমাও বাড়াতে হবে। পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট রয়েছে তাই বয়সসীমা বাড়ানো উচিৎ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এম এ আলী, ঢাবি শাখা সাধারণ সম্পাদক ওয়ারেছ আলীসহ অন্যান্যরা।








