বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল থেকে এয়ার চিফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে। সোমবার (৩০ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামুদ্দীন আহমেদ তাকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে র্যাংক ব্যাজ পরানোর সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনীর প্রধান র্যাংক ব্যাজ পরিধান শেষে বিমানবাহিনী সদর দফতরে এসে পৌঁছালে বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা লাগান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এরপর তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।








