পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শহীদুল গত সাড়ে পাচঁ বছর ধরে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
২০১৩ সালে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন এই কর্মকর্তা। তার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফর করেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী চীন ও জাপান সফর করেন। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর করেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী দিল্লি সফর করেন।
এছাড়া পররাষ্ট্র সচিবকে রানা প্লাজা দুর্ঘটনা এবং হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনার বিষয়ে নিয়মিতভাবে বৈদেশিক যোগাযোগ রক্ষা করতে হয়েছে।
তার মেয়াদকালে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে গুনগত পরিবর্তন সাধন করে। দীর্ঘদিনের অবস্থান থেকে সরে গিয়ে মিয়ানমারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরে।
অভিবাসন বিষয়ে একজন বৈশ্বিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শহীদুল হক দীর্ঘদিন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন। সর্বগ্রাসী পাঠক হিসেবে পরিচিত এই কর্মকর্তা ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক।








