রাজধানীতে গণপরিবহনের অব্যবস্থাপনা দূর করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সভা করে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের বর্তমান গণপরিবহনের অব্যবস্থাপনার বিষয় নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ওবিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। এ সভায় ঢাকা শহরের গণপরিবহনগুলোতে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে এবং গত রবিবার (২৯ জুলাই) বিমানবন্দর সড়কে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ( বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত রবিবার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ও সড়কে নেমে আসে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ দুর্ঘটনার পর চালকদের বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালনা নিয়ে রাজধানীসহ সারাদেশে সমালোচনার ঝড় শুরু হয়। এ পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানমের বাসভবনে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে তিনি জানান এ ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত ও ব্যথিত এবং দায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।








