শিক্ষার্থীদের ওপর পুলিশ ও পরিবহন শ্রমিকদের হামলায় আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২১:৫৮আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২১:৫৮

আইন ও সালিশ কেন্দ্র নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার (৩১ জুলাই) সহপাঠীদের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ ও মারধরের ঘটনা এবং বুধবার (১ আগস্ট) নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের হাতে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আসক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।’

এতে আরও বলা হয়, ‘গত রবিবার (২৯ জুলাই) রাজধানীর কুর্মিটোলা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাস রাস্তার পাশে অপেক্ষমান শহীদ রশিদ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর তুলে দিলে ঘটনাস্থলেই দুজন শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠীরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও দায়ী বাস চালককে গ্রেফতার করার দাবিতে রাজপথে বিক্ষোভ শুরু করে। ঘটনার কিছুক্ষণ পরই দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে নৌ-পরিবহন মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও হাসিমুখে কথা বলার ভঙ্গি শিক্ষার্থীদের আরও ক্ষুব্ধ করে তোলে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মঙ্গলবার (৩১ জুলাই) শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা (পুলিশ) শিক্ষার্থীদের ওপর জলকামান ও পানি নিক্ষেপসহ লাঠিচার্জ ও মারধর করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। যাদের মধ্যে ছাত্রীও রয়েছে। অন্যদিকে, বুধবার (১ আগষ্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পরিবহন শ্রমিকরা বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ সদস্যের এক স্কুলছাত্রের গলাটিপে ধরা এবং কয়েকজন শিক্ষার্থীকে বুট দিয়ে লাথি মারাসহ নানা নির্যাতনের দৃশ্য দেখা গেছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সড়ক পরিবহন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা অরাজকতা ও অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। সহপাঠীদের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

এতে আরও বলা হয়, ‘বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছে আসক। এ বিষয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল আচরণের জন্য আহ্বানও জানানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমন বা বাধা দেওয়ার ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের যে মারমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে, তা বন্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম