বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে কোনও শ্রমিক অসন্তোষ হয়নি বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ইনক্রিমেন্ট ১০ শতাংশ বাড়ানো হয়েছে এবং সঙ্গে স্পেশাল বোনাসও দেওয়া হচ্ছে। তাই এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনও শ্রমিক ধর্মঘট বা কোনও অসন্তোষ হয়নি।’
বুধবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দরের জন্য ৪টি গ্যান্ট্রি ক্রেন কেনার উদ্দেশ্যে চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নৌ মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
শাজাহান খান জানান, আগামী এক বছরের মধ্যে চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড ৪টি গ্যান্ট্রি ক্রেন সরবরাহ করবে। ৪০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন এই ক্রেনগুলো কেনার ক্ষেত্রে সরকারের ব্যয় হবে ২৩৮ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা। ইতোপূর্বে চট্টগ্রাম বন্দরের জন্য এই কোম্পানির সঙ্গেই ৬টি গ্যান্ট্রি ক্রেন সরবরাহের লক্ষ্যে গত বছরের অক্টোবরে চুক্তি করেছিল সরকার। এ মাসেই এর ৩টি এবং অপর ৩টি সেপ্টেম্বরে পাওয়া যাবে। আর এই ৬টি ক্রেন ক্রয়ের জন্য সরকারের ব্যয় হয়েছে ৩৪৫ কোটি টাকা।








