দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আগামী ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করবেন সাংবাদিকরা, এসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল। শনিবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি।
মোল্লা জালাল বলেন, ‘আমরা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ওইদিন আমরা সমাবেশ করবো। সমাবেশে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। পরের দিন ১৬ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হবে। তার কার্যালয়ে সাংবাদিকরা অবস্থান নেবে, দেখি ঠেকাতে পারেন কিনা।’
এই সংবাদিক নেতা আরও বলেন, ‘আজকে সারাদেশে সাংবাদিক সমাজ বিক্ষোভে নেমেছে। আমাদের দাবি একটাই আমরা নিরাপত্তা চাই। সাংবাদিকরা রাষ্ট্রের জন্য কাজ করে। তাই রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তথ্যমন্ত্রণালয় ইতোমধ্যে আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। সাংবাদিকদের দাবি হামলাকারীদের গ্রেফতার করা।’
সাংবাদিক সমাজ এখনই আপনাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ঘৃণা জানাতে চায় না এমন কথা উল্লেখ করে বিএফইউজে সভাপতি বলেন, ‘সাংবাদিকরা না লিখলে আপনারা বোবা হয়ে যাবেন। সাংবাদিকরা চান না আপনারা বোবা হয়ে যান।’
স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘যত দিন যাচ্ছে আপনারা অদক্ষতার প্রমাণ দিচ্ছেন। পুলিশের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া।’
বিএফইউজের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘সাংবাদিকরা সময় বেঁধে দিয়েছিলো, সেই সময় অতিক্রম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় বাসের ধাক্কা খাওয়ার পর, এখনও নড়তে পারছেন না। লাঠি ও হেলমেটধারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রীদের নিউজ বর্জন করবো।’
বিএফইউজে মহাসচিব শাবান মাহামুদ বলেন, ‘সাংবাদিকদের উপর যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, তারা নগ্ন হামলায় উল্লাস করে। প্রশাসনের আড়ালে তারা নিজেদের নিরাপদে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দুর্বৃত্তদের গ্রেফতার করার। কিন্তু মন্ত্রী তা না করে উপহাস করে চলেছেন।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘সাংবাদিকদের কাজ করতে দিন, রাজপথে ঠেলে দেবেন না। দুর্বৃত্তরা চিহ্নিত হলে তাদের গ্রেফতার করেন। সরকার সাংবাদিক হামলার বিষয়ে কোনও কাজ করে থাকলে তা দৃশ্যমান করেন। বিএনপি-জামায়াত আমলে অনেক সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, তখন বিচার চাইনি। কারণ বিচার পাবো না। কিন্তু আমরা এখন বিচার চাচ্ছি, কারণ বর্তমানে ক্ষমতায় আছেন সাংবাদিক বান্ধব শেখ হাসিনা সরকার। আমাদের কর্মসূচির কারণে সরকার বিব্রত হলে দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে।’








