রাজধানীর কমলাপুরসহ সারাদেশের রেলস্টেশনগুলোর ইন্টারনেট সংযোগ টানা সোয়া এক ঘণ্টা বিচ্ছিন্ন ছিল আজ শনিবার। সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে বারোটা পর্যন্ত এই সমস্যার কবলে পড়ে দেশের রেলওয়ে স্টেশনগুলো। বিভিন্ন স্টেশনে কথা বলে এ তথ্য নিশ্চিত হয়েছে বাংলা ট্রিবিউন। বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা বা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা সে বিষয়ে নজর রেখেছেন গোয়েন্দারা।
প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে দশটা থেকে পৌনে বারোটা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনসহ সারাদেশের স্টেশনগুলোয় ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকে। গতকাল শুক্রবারও চট্টগ্রাম রেলস্টেশনে ১ ঘণ্টা ৪০ মিনিট সার্ভার সংযোগ না থাকায় টিকিট বিক্রি বন্ধ ছিল। এ কারণে গোয়েন্দারা সন্দেহ করছেন, রেলওয়ের একটি গ্রুপ উদ্দেশপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত করে সমস্যা তৈরি করছে। ইতোমধ্যে মাঠে গোয়েন্দারা কাজ করছে। দু’একদিনের মধ্যেই বিস্তারিত প্রতিবেদন আসবে। রেলওয়ের একটি সূত্র ‘ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়াকে ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ার’ কারণ হিসেবে দেখালেও গোয়েন্দাদের নজর অন্যত্র।
গোয়েন্দা সূত্র জানায়, রেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, সার্ভারের মূল লাইনের দুই জায়গায় ক্যাবল কাটা পড়েছে। তবে সার্ভার এলাকায় এ ধরনের ঘটনায় বিস্মিত তারা। তাদের সন্দেহ, গতকাল শুক্রবারও ক্যাবল লাইন কাটা হয়েছে, শনিবারও হয়েছে। তবে এটা নিছকই দুর্ঘটনা নয়, উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। ঈদকে সামনে রেখে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম।
শনিবার সকালে বাংলা ট্রিবিউনকে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী জানান, ‘সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সার্ভারে সমস্যা দেখা দেয়। পরে ঠিক হয়।
তবে বিষয়টি নিয়ে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সূত্র এও জানায়, রেল কর্মকর্তাদের অনেকের কথায় সন্দেহ আছে। প্রথমে বলা হয়েছে, সার্ভার সমস্যা, পরে বলা হয়েছে নেটওয়ার্ক পায়নি তারা।’
এ বিষয়ে জানতে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
গোয়েন্দা সূত্রে জানার পর বাংলা ট্রিবিউন যোগাযোগ করে পার্বতীপুর স্টেশনে। সেখানকার স্পেশাল মাস্টার জিয়াউল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সমস্যা হয়েছিলো সারা বাংলাদেশে। আমাদের এখানেও হয়েছিল। নেট ছিল না।’
রেলের ইন্টারনেট সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার বিষয়ে জানতে রেলওয়েতে ইন্টারনেট সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনএস বিডি’র (কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড) ঢাকার ম্যানেজারকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আমাদের চট্টগ্রাম প্রতিনিধি হুমায়ুন মাসুদ জানান, গতকাল (১০ আগস্ট) শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সকাল ৮ টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ ছিল। স্টেশন কর্তৃপক্ষ আমাদের বলেছিল, তাদের সার্ভার কেউ একজন ব্লক করে দিয়েছে।’
সরকারের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের আগে রেলপথে নাশকতা হতে পারে, এমন আশঙ্কা তাদের ছিল। আর এ আশঙ্কা থেকে রেলের পরিচিত রাজনৈতিক মুখগুলোকে নজরদারিতে আনার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও ঊর্ধ্বতন মহলের অনুমতির অপেক্ষায় থাকার কারণে বিষয়টি আর সামনে এগোয়নি।
প্রতি বছরের মতো এবারও ১০ দিন আগে থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১২ আগস্ট মিলবে ২১ আগস্টের টিকিট। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি হচ্ছে।
এদিকে, বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক শাহেদ শফিক জানান, শনিবার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ ছিল। ফলে লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ সহ্য করতে হয়েছে। তাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন।








