২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার (১৯ আগস্ট) নগর ভবন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক দিকনির্দেশনামূলক সভায় তিনি এ ঘোষণা দেন।
গত কোরবানির ঈদেও একই ঘোষণা দিয়েছিলেন মেয়র। সে অনুযায়ী ঢাকার অধিকাংশ এলাকার বর্জ্য পরিষ্কারও করা হয়েছিল।
মেয়র বলেন, ‘গত ৩ বছর আমরা ঘোষণা দিয়ে বর্জ্য পরিষ্কারে সফল হয়েছি। এবারও ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করবো। কোরবানির জন্য আমরা স্থান নির্ধারণ করে দিয়েছি। যারা বাড়ির আঙিনায় করবেন তারা বর্জ্যগুলো নিজ দায়িত্ব করপোরেশনের কন্টিনারে দেবেন। রক্ত ধুয়ে দেবেন।’
তিনি বলেন, ‘ঢাকায় ঈদের পর দুদিন পর্যন্ত কোরবানি হয়। সে বর্জ্যগুলোও যেন দ্রুত পরিষ্কার হয়, আমরা তার ব্যবস্থা করেছি। ৫ হাজার ২০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করবেন। পরিচ্ছন্নতা বিভাগে সবার ছুটি বাতিল করা হয়েছে। প্রায় ২ লাখ ব্যাগ আমরা নাগরিকদের দেবো। যারা পাবেন না তারা, কাউন্সিলর অফিস কিংবা আঞ্চলিক অফিস থেকে বিনামূল্যে তা সংগ্রহ করবেন। ব্লিচিং পাউডারও বিনামূল্যেই পাবেন।’
মেয়র আরও বলেন, বৃষ্টি হলে কোরবানি করবেন না। একটু অপেক্ষা করবেন। যদি কোনও নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করার অনুরোধও জানান মেয়র।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।








