অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘লিবারেল পার্টির নেতা হিসেবে আপনার নির্বাচন এবং প্রধানমন্ত্রী পদে নিযুক্তি আপনার ওপর লিবারেল পার্টির আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং অস্ট্রেলিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও প্রজ্ঞার প্রতি স্বীকৃতি দিয়েছে।’
বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে, বন্ধুত্বের অটুট বন্ধন, যা বহু বছর ধরে দুই দেশের ও জনগণের মাঝে বিদ্যমান, মরিসনের মেয়াদকালে তা আরও সুদৃঢ় হবে।’
তিনি বলেন, ‘আমি আগামী দিনগুলোতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি।’
সূত্র: বাসস








